জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ | ২৮ আগস্ট, ২০১৭
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে আগেভাগেই বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সংসদ নির্বাচনের আরও এক বছর বাকী থাকলেও ইতিমধ্যে দৌড়ঝাপ শুরু করেছেন ক্ষমতাশীন দল আওয়ামীলীগ, বিরোধীদল জাপা, বিএনপি'র মনোনয়ন প্রত্যাশিরা। তবে ২০ ও ১৪ দলের বাকি শরীকদের কোনো খবরই নেই।
এ আসনের সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন পেতে কৌশলে তৎপরতা চালাচ্ছেন নিজ নিজ নির্বাচনী এলাকায়। এলাকার মানুষের মন জয় করতে যোগ দিচ্ছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে। তাছাড়া বিভিন্ন মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীদের তথ্যও সংগ্রহ করছে এসব দলের কেন্দ্রীয় সংসদ। সম্ভাব্য প্রার্থীরা তাদের মনোনয়ন নিশ্চিতের লক্ষে কেন্দ্রের সাথে চালাচ্ছেন সর্বোচ্চ লবিং।
গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত সিলেট-৬ আসন। এই আসনের বর্তমান সাংসদ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আগামী নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে নাহিদই মনোনয়ন পাবেন বলে মনে করছেন তার সমর্থিত নেতা-কর্মীরা। তবে আওয়ামী লীগ থেকে এই আসনে মনোনয়ন প্রত্যাশী কানাডা আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ভাসপতি সরোওয়ার হোসেন। ইতিমধ্যে তিনি গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানে সব সময় মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন।
এছাড়াও সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আফছর খান সাদেক দলীয় মনোনয়ন প্রত্যাশী বলে নাম শোনা যাচ্ছে।
এদিকে আওয়ামীলীগ জোটগতভাবে নির্বাচন করলে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের এমপি সেলিম উদ্দিন এ আসনে জোটের প্রার্থী হতে ইচ্ছুক বলে একাধিক সূত্র জানিয়েছে। এ আসনে জাপার প্রেসিডিয়াম সদস্য তাজ রহমানও জাপার মনোনয়ন প্রত্যাশী বলে জানা যায়।
এদিকে সিলেট জেলা বিএনপির সদস্য ও জেলা তরুণ দলের সহ সভাপতি সিদ্দিকুর রহমান সাইস্তাও নির্বাচনি প্রচার প্রচারনায় সক্রিয় রয়েছেন। এছাড়াও এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শিল্পপতি ফয়সাল আহমদ চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা মাওলানা রশিদ আহমদ ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরীর নাম জোরেশোরে শোনা যাচ্ছে।
আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনপি ছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এ আসনে সক্রিয় রয়েছে।