Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে ভাইয়ের দা’র কোপে ভাই খুন

জকিগঞ্জ প্রতিনিধি |  ২৯ আগস্ট, ২০১৭

সিলেটের জকিগঞ্জে সৎ ভাইয়ের দায়ের কোপে কামাল আহমদ নামের একজন নিহত হয়েছেন। নিহত কামাল উপজেলার খলাছড়া গ্রামের সফই মিয়ার বড় ছেলে।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে সৎ ভাই জাকির হোসেন পলাতক রয়েছেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবীবুর রহমান হাওলাদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঘুমন্ত অবস্থায় কামাল আহমদকে দা দিয়ে এলোপাথাড়ি কোপায় তার সৎ ভাই জাকির হোসেন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে জকিগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যায়। এরপর অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে সিলেটের ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কামাল আহমদকে মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওসি হাবীবুর রহমান হাওলাদার বলেন,পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের শরীরের বিভিন্নস্থানে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

পুলিশ সৎ ভাই জাকিরকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.