Sylhet Today 24 PRINT

মাধবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নিখোঁজ

মাধবপুর প্রতিনিধি |  ২৯ আগস্ট, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি হুসাইন মো. রফিক সোমবার রাত থেকে নিখোঁজ রয়েছেন। তার ব্যবহৃত মোটার সাইকেলটি ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের পাশে একটি ঝুপড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এতে তার পরিবারের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে।

এদিকে, রফিকের পরিবার তাদের আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সহ জায়গায় খোঁজ করেও তাকে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (ডায়েরি নং- ১৫৮২)।

রফিকের পিতা জজ মিয়া জানান, সোমবার রাত ৮ টার দিকে রফিক বাড়ি থেকে বের হয়ে নোয়াহাঁটি তার ব্যবসা প্রতিষ্ঠানে যায়, রাত ১০টায় সে বাড়িতে না ফিরলে তার মুঠোফোনে কল দিলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর থেকে সম্ভাব্য সব জায়গায় তার খোঁজ নেওয়া হয়। কিন্তু কেউ তার সন্ধান দিতে পারেনি। তার ব্যবহৃত মোটর সাইকেলটি একটি ঝুপড়িতে পাওয়া যায়। সে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তবে আমাদের জানা মতে তার বিরুদ্ধে কোন মামলা মোকদ্দমা নেই।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন পিপিএম হুসাইন মো. রফিকের নিখোঁজের সত্যতা নিশ্চিত করে বলেন তাকে উদ্ধারের জন্য পুলিশি চেষ্টা অব্যাহত আছে। সারা দেশে বেতার বার্তা প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.