Sylhet Today 24 PRINT

নিজ গ্রামে সমাহিত হলেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সালেহ চৌধুরী

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৩ সেপ্টেম্বর, ২০১৭

রাষ্ট্রীয় মর্যাদায় প্রবীণ সাংবাদিক ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।

রোববার বাদ যোহর মরহুমের নিজ গ্রাম সুনামগঞ্জের দিরাই উপজেলার গচিয়া বাজার মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুল মানুষের সমাগম ঘটে। জানাজা শেষে গ্রামে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

গত শুক্রবার সন্ধ্যায় ঢাকায় মারা যান সাংবাদিক সালেহ চৌধুরী। সেখানে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রথম জানাজা ও জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সালেহ চৌধুরীর জানাজায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, দিরাই উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু, উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক, সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্যসচিব মালেক হুসেন পীর, অভিনেতা ফজলুল কবির তুহিন প্রমুখ।

জানাজার আগে তার মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় বিভিন্ন সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে। পরে গার্ড অব অনার দেওয়া হয়।

সাংবাদিক সালেহ চৌধুরী স্বাধীনতাযুদ্ধ চলাকালে ৬ ডিসেম্বর সুনামগঞ্জে যে অনন্য শহীদ মিনার নির্মিত হয় তার নক্সাকার ছিলেন। সবুজ জমিনে লালবৃত্তের উপরে লেখা ‘যাদের রক্তে মুক্ত এ দেশ’ তার দেওয়া স্লোগান।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘অপরাজেয় বাংলার’ নামকরণও তিনি করেছেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী সাংবাদিক সালেহ চৌধুরী যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গঠিত সেক্টরস কমান্ডার ফোরামের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.