Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় সিএনজি অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা

নিখোঁজের ৪ দিন পর লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৪ সেপ্টেম্বর, ২০১৭

মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজের ৪ দিন পর আসাদ আলী (১৯) নামক এক সিএনজিচালিত অটোরিকশা চালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২ টার দিকে টিলাগাঁও ইউনিয়নের লংলা চা বাগানের লালপুর কাটবিল রাবার বাগানের একটি জোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনতাই করে চালক আসাদকে হত্যা করে রাবার বাগানের নির্জন স্থানে ফেলে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামের উম্মর আলীর পুত্র আসাদ আলী শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশা (নং-মৌলভীবাজার থ ১১-১৫৮৮) নিয়ে বের হন। এরপর থেকে অটোরকিশাসহ তিনি নিখোঁজ ছিলেন আসাদ। শনিবার (২ সেপ্টেম্বর) পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এদিকে সোমবার সকালে স্থানীয়রা লংলা চা বাগানের মালিকানাধিন লালপুর কাটবিল রাবার বাগানে একটি ঝুপে গলিত লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কুলাউড়া থানার ওসি মো. শামীম মূসা জানান, ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনতাই করে চালক আসাদকে হত্যা করে বাগানে ফেলে গেছে। পুলিশের তদন্ত চলছে আশা করি মূল রহস্য বেরিয়ে আসবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.