Sylhet Today 24 PRINT

প্রতিপক্ষের হামলায় স্ত্রী-পুত্রসহ মুক্তিযোদ্ধা ওয়াতির আলী আহত

নিজস্ব প্রতিবেদক |  ২৪ মে, ২০১৫

প্রতিপক্ষের হামলায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের তত্ত্বাবধায়ক মুক্তিযোদ্ধা ওয়াতির আলী (৭০), তার স্ত্রী ও ছেলে আহত হয়েছেন। সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার হাটখোলা ইউনিয়নো পাগইল গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতদের  ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

আহত মুক্তিযোদ্ধার স্বজনরা জানান, একই গ্রামের মানিক মিয়ার সাথে মুক্তিযোদ্ধা ওয়াতির আলীর জমি-জমা নিয়ে বিরোধ রয়েছে। ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই মুক্তিযোদ্ধার বাড়ি দখল করার চেষ্টা চালাচ্ছে বলে তারা অভিযোগ করেন। এর জের ধরে রোববার সকালে মানিক মিয়ার লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওয়াতির আলীর বাড়ীতে অতর্কিত হামলা চালায়।

হামলায় বয়ো:বৃদ্ধ মুক্তিযোদ্ধা ওয়াতির আলী ও তার স্ত্রী, ছেলে খায়রুল মিয়া গুরুতর আহত হয়। তাদের আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে মানিক মিয়ার হাত থেকে ওয়াতির আলী সহ আহতদের উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমান ওয়াতির আলী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪র্থ তলার ৫নং ওয়ার্ডের ৭নং বেডে চিকিৎসাধীন আছে।

এদিকে, রোববার বিকেলে মুক্তিযোদ্ধা ওয়াতির আলীকে হাসপাতালে দেখতে যান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর কমান্ড এর ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, ডেপুটি ইউনিট কমান্ডার ও সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালিক, ইন্ডিপেন্ডেট টিভি’র সিলেট ব্যুরো প্রধান আল আজাদ, যুবলীগ নেতা সাহেদ আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.