নিউজ ডেস্ক | ২৪ মে, ২০১৫
রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযানে নামছে সিলেট মহানগর পুলিশ। অপরাধ দমনের অংশ হিসেবে আগামি ৩জুন থেকে তারা মাঠে নামছে বলে জানানো হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
রোববার (২৪ মে) সিলেট মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোটরযান আইন উপেক্ষা করে সাম্প্রতিক সময়ে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল অবৈধভাবে চলাচল করছে। এসব মোটরসাইকেল চড়ে বিভিন্ন সময়ে অপরাধ সংঘঠিত হচ্ছে।
যে কারণে বিক্রেতা প্রতিষ্ঠানের কাছ থেকে ব্যক্তির কাছে মোটরসাইকেল হস্তান্তরের আগেই বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃক সব ধরণের প্রক্রিয়া সম্পন্ন করতে তাগিদ দেওয়া হয়েছে।
সেই সঙ্গে ৩ জুন থেকে অভিযান চলাকালে সকলকে মোটরসাইকেলের যাবতীয় কাগজপত্র সঙ্গে রাখার জন্য মহানগর পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।