Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে হত্যা মামলায় ছয় জনের যাবজ্জীবন

হবিগঞ্জ প্রতিনিধি  |  ০৭ সেপ্টেম্বর, ২০১৭

হবিগঞ্জে হত্যা মামলায় ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদের এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার বিকাল ৪টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভীন এ রায় দেন। একই আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী সালেহ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুল কাদির, ইব্রাহিম মিয়া, আব্দুল কাইয়ুম, ফরিদ মিয়া, ইসমাইল মিয়া ও সোহেল মিয়া। এদের মধ্যে ইব্রাহিম মিয়া পলাতক। বাকিরা রায় ঘোষণাকালে আদালতে উপস্থিত ছিলেন। রায়ে এনাম মিয়া, আব্দুল আউয়াল, জুলন মিয়া ও ইকবাল মিয়া নামে অন্য আরও চার ব্যক্তিকে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল চুনারুঘাট উপজেলার দুবারিয়া গ্রামের আব্দুল কাদির এবং তার ভাতিজা নজরুল ইসলামের মধ্যে। এর জেরে ২০১৪ সালের ১০ অক্টোবর রাতে কাদির তার ভাতিজা নজরুলকে নিজ বাড়িতে যাওয়ার জন্য বলে। চাচার বাড়িতে আসা মাত্র তাকে চাচা আব্দুল কাদির, চাচাতো ভাই ইব্রাহিমসহ অন্যান্য আসামিরা মারপিট করতে থাকেন।

এক পর্যায়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর আসামিরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে নজরুলের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একই বছরের ১১ অক্টোবর নিহতের মা শাহেদা বেগম বাদী হয়ে চুনারুঘাট থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। ওই মামলায় মোট ১৫ জনের সাক্ষ্য নিয়ে বিচারক বুধবার রায় দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.