Sylhet Today 24 PRINT

হঠাৎ স্থগিত হয়ে গেলো তামাবিল স্থল বন্দরের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক |  ১০ সেপ্টেম্বর, ২০১৭

তামাবিলে নির্মিত সিলেটের প্রথম শুল্কস্টেশনের উদ্বোধন হওয়ার কথা ছিলো সোমবার। এ লক্ষ্যে প্রস্তুতিও চূড়ান্ত করা হয়েছিলো। তবে হঠাৎ করেই স্থগিত করা হয়েছে উদ্বোধন।

সংশ্লিস্টরা জানিয়েছেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহেতের ব্যস্ততার কারণে পিছিয়ে গেছে তামাবিল স্থলবন্দরের উদ্বোধন।

জানা যায়, সোমবার বিকেলে স্থল বন্দরটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। এতে প্রধান অতিথি করা হয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিতকে। আর উদ্বোধক ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. নজিবুর রহমানের। উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতিও নিয়েছিলো বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ। আমন্ত্রনপত্রও বিলি করা হয়। তবে শেষ মূহূর্তে এসে স্থগিত হয়ে যায় অনুষ্ঠান।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (ট্রাফিক) মো. হাবীবুর রহমান সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জরুরীকাজে অর্থমন্ত্রীকে সোমবার ঢাকায় থাকতে হবে। ফলে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারবেন না। একারণে অনুষ্ঠান পেছানো হয়েছে। উনার সময় নিয়ে দ্রুততম সময়েই এটি আমরা উদ্বোধন করবো।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৮ মে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। ভূমি ও স্থল বন্দরের সার্বিক উন্নয়ন সহ প্রকল্প বাস্তবায়নে ৬৯ কোটি ২৬ লাখ ২৮ হাজার টাকা ব্যায় নির্ধারণ করে এর নির্মাণ কাজ শুরু হয়।

সংশ্লিস্টরা জানান, স্থল বন্দরটি চালু হওয়ার পর ভারতের মেঘালয়সহ ত্রিপুরা, নাগাল্যান্ড, আসাম ও ভূটানের সাথে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে। একই সাথে সরকার প্রতি বছর এই স্থলবন্দর থেকে শতাধিক কোটি টাকা রাজস্ব আয় করতে পারবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.