Sylhet Today 24 PRINT

খোয়াই নদীতে নৌকাডুবি: আরও দুজনের লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি |  ১১ সেপ্টেম্বর, ২০১৭

হবিগঞ্জের খোয়াই নদীতে নৌকাডুবির ঘটনায় নারীসহ আরও দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) সকালে খোয়াই নদীর শাহপুর ও রাধাপুর এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও পাঁচজন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকা থেকে একটি সিমেন্ট বোঝাই ইঞ্জিনের নৌকা ৫০ জন যাত্রী নিয়ে কাশিপুর যাওয়ার পথে খোয়াই নদীর লম্বাবাদ এলাকায় ডুবে যায়। এ সময় অনেকেই সাঁতার কেটে নদীর পাড়ে উঠতে পারলেও অনেকেই নিখোঁজ হয়। এ ঘটনার পর পুলিশ ও স্থানীয় লোকজন তিন জনের লাশ উদ্ধার করলেও নিখোঁজ থাকে আটজন।

রবিবার স্থানীয় লোকজন খোয়াই নদীর শাহপুর ও রাধাপুর অংশে দুটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে লাশের গায়ে পচন ধরায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জানান, নৌকাডুবির ঘটনায় রোববার সকালে আরও দুটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ছয় জনের লাশ উদ্ধার করা হলো। এখন নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.