চুনারুঘাট প্রতিনিধি | ১১ সেপ্টেম্বর, ২০১৭
হবিগঞ্জের চুনারুঘাটে পাহাড়ি ঢলে ব্রিজের অ্যাপ্রোচ সড়ক ভেঙ্গে গেছে। ফলে পুরানো ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
রোববার (১০ সেপ্টেম্বর) রাতে ব্রিজ থেকে রাস্তা আলাদা হওয়ায় সোমবার (১১ সেপ্টেম্বর) ভোরে একটি মাইক্রোবাস ব্রিজটি অতিক্রম করতে চাইলে সেটি ব্রিজ ও রাস্তার মধ্যবর্তী ফাঁকা স্থান দিয়ে নিচে পড়ে যায়। এতে করে গাড়ীতে থাকা ৫ যাত্রী আহত হয়। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়।
স্থানীয়রা জানান, রবিবার রাতে প্রচণ্ড পাহাড়ি ঢলে উপজেলার রামগঙ্গা চা বাগানের পুরানো ঢাকা-সিলেট মহাসড়কের এই ব্রিজের অ্যাপ্রোচ সড়ক ক্ষতিগ্রস্ত হলে ব্রিজটি সড়ক থেকে ১০/১৫ ফুট ফাকা হয়ে আলাদা হয়ে যায়। এর আগে গত ১০ জুন ওই ব্রিজের পার্শ্বে চন্ডিচড়া চা বাগানে আরেকটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়। পরে প্রায় ১ মাস পর রাস্তাটি চালু হয়েছিল।
হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী হামিদুল ইসলাম জানান, রোববার সারারাত বৃষ্টি হয়েছে। এতে করে ১২ থেকে ১৫ ফুট উচ্চতার পানি জমে যায়। সেই পানি নিষ্কাশন হতে গিয়েই রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। ব্রিজের পাশে প্রতিরক্ষা দেয়াল ছিল। সেটি ভেঙ্গে গেছে।
তিনি আরও জানান, সোমবার সকাল থেকেই তিনি ঘটনাস্থলে আছেন। ২/৩ দিনের মাঝে বিকল্প ব্যবস্থায় সড়কটি চালু করা হবে। পরবর্তীতে দ্রুত সময়ে টেন্ডারের মাধ্যমে স্থায়ী সমাধান করা হবে। তিনি জানান, ওই সড়কে এ ধরনের আরও সমস্যা রয়েছে। সেগুলোরও স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়া হবে।