Sylhet Today 24 PRINT

হাওরের দূর্যোগের পুনরাবৃত্তি বন্ধে কাজ করছে সরকার : বিভাগীয় কমিশনার

সিলেটটুডে ডেস্ক |  ১২ সেপ্টেম্বর, ২০১৭

হাওরের দুর্যোগ জাতীয় দুর্যোগ। এ দুর্যোগের পুনরাবৃত্তি যাতে না হয় সে লক্ষে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার আয়োজনে মঙ্গলবার সুনামগঞ্জের মধ্যনগরে হাওরে কৃষককের ভাবনা শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুম।

তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। এ সরকার জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তৃণমূলের উন্নয়নের লক্ষে যা যা দরকার সবকিছুই করা হবে। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী খুবই আন্তরিক।

বিভাগীয় কমিশনার বলেন, এ বছর হাওরের বেশিরভাগ জলাশয় উন্মুক্ত রয়েছে। তা লিজ দেয়া হয় নি। সরকারের সহয়তা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, হাওরের সমস্যা সমাধানে বর্তমান সরকার আন্তরিক। ইতোমধ্যে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হাওর অঞ্চল সফর করে গেছেন। সমস্যা সমাধানে যা করণীয় তার সবই করা হবে।

তিনি আরো বলেন, নদীভরাট হাওরের ফসলহানীর অন্যতম কারণ। নদীগুলো আগামী অর্থবছরের আগেই কিভাবে খনন করা যায় তা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে।

সংস্থার সভাপতি কাসমির রেজা ও সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটুর সঞ্চালনায় ও সুনামগঞ্জ জেলা প্রশাসক সাবিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতায় সিলেট রেঞ্জের ডিঅাইজি কামরুল আহসান বলেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে আপনাদের দুঃখ কষ্ট নিজ চোখে দেখা যাওয়ার জন্যই এখানে আসা। ভবিষ্যতে যাতে করে ক্ষয় ক্ষতি কমিয়ে আনা যায় সে লক্ষে কাজ করা হচ্ছে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলাম বলেন, হাওরের উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করছে সরকার। তা অচিরেই বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, পিঅাইসিতে স্থানীয় জনগণ ছাড়া কেউ থাকবে না এবং তা ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.