বানিয়াচং প্রতিনিধি | ১৪ সেপ্টেম্বর, ২০১৭
বানিয়াচং উপজেলায় দাঙ্গা-হাঙ্গামা নিরসনে ওয়ার্ড ভিত্তিক দেশীয় অস্ত্র উদ্ধার অভিযান শুরু করেছে বানিয়াচং থানা পুলিশ।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ও বুধবার (১৩ সেপ্টেম্বর) এই দুই দিনে বানিয়াচংয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সহস্রাধিক দেশীয় উদ্ধার করেছে পুলিশ। এক বাড়িতে দেশীয় অস্ত্র রাখার দায়ে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার ও বুধবার বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হকের নেতৃত্বে একদল পুলিশ ৯নং পুকড়া ইউনিয়নের সিকান্দরপুর গ্রামের উত্তরপাড়, দক্ষিণপাড় ও বানিয়াচং সদরের ৪নং ইউনিয়নের অন্তর্গত সাগরদীঘির পশ্চিম পাড়ে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করেন। তন্মধ্যে ওই মহল্লার আলতাব লস্কর ওরফে আলতু মিয়াকে দেশীয় অস্ত্র মজুদ রাখার দায়ে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৬ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ কুমার সিংহ।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, গ্রাম্য দাঙ্গাবাজদের কোন ছাড় দেয়া হবে না। ইতিপূর্বে উপজেলা প্রশাসন ও বানিয়াচং থানার পক্ষ থেকে মাইকিং করে দেশীয় অস্ত্র জমা দেয়ার জন্য প্রচার-প্রচারণা চালানো হয়েছে। বেঁধে দেয়া সময়ের মধ্যে যারা এসব জমা দেয়নি তাদের বাড়িতে অভিযান চলাকালে যদি দেশীয় কোন অস্ত্র পাওয়া যায় সে সকল ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গ্রাম্য দাঙ্গা প্রতিরোধে জিরো টলারেন্সে রয়েছে পুলিশ।