Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে পর্ন ভিডিও বিক্রেতাকে ১ মাসের জেল, ক্রেতাদের জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি |  ১৪ সেপ্টেম্বর, ২০১৭

নবীগঞ্জের ইনাতগঞ্জে পর্ণ ভিডিও বিক্রির অপরাধে মিফতাউল আলম নামের এক দোকানদারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এ দণ্ডাদেশ প্রদান করেন। দন্ডাদেশপ্রাপ্ত মিফতাউল উপজেলার কসবা গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে।

এ সময় পর্ণ ভিডিও ক্রয় করার অপরাধে ৫ যুবককে নগদ দুই হাজার টাকা করে আর্থিক জরিমানা করা হয়। ক্রেতারা হলেন, ওই এলাকার খৈকাই গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে জনি, শহিদ মিয়ার ছেলে মাহবুব মিয়া, আব্দুর রশিদের ছেলে মোস্তাকিম, প্রজাতপুর গ্রামের শাহিন মিয়ার ছেলে রাজু মিয়া, করিমপুরের ছায়েদ মিয়ার ছেলে কাওছার মিয়া।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দন্ডাদেশপ্রাপ্ত মিফতাউল দীর্ঘদিন ধরে ইনাতগঞ্জ বাজারে পর্ণ ভিডিওর রমরমা ব্যবসা করে আসছিল। ফলে স্কুল কলেজের ছাত্রসহ এলাকার উঠতি বয়সের যুবকরা পর্ণ ভিডিওর প্রতি আসক্ত হয়ে পড়ছিল। বৃহস্পতিবার ৫ জন যুবকের কাছে পর্ণ ভিডিও বিক্রি করছিল মিফতাউল। এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার তাৎক্ষনিকভাবে একদল পুলিশ নিয়ে তার দোকানে হাজির হয়ে হাতেনাতে তাদের আটক করেন।

পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উল্লেখিত বিক্রেতাকে ১ মাসের কারাদন্ড ও ক্রেতাদের নগদ ২ হাজার টাকা করে আর্থিক জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.