Sylhet Today 24 PRINT

ইমজা’র আয়োজনে ক্যামেরা জার্নালিস্টদের মানোন্নয়ন কর্মশালা সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ১৬ সেপ্টেম্বর, ২০১৭

সিলেটে টিভি ক্যামেরা জার্নালিস্টদের জন্যে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা আয়োজিত দু দিনব্যাপী মানোন্নয়ন কর্মশালা শেষ হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টায় সিলেট জেলা ক্রীড়া ভবনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম ও রিফাত এন্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ সিদ্দিকী শুভ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো রাহাত আনোয়ার বলেন, প্রতিটি পেশায়ই দক্ষতা বৃদ্ধির জন্যে নিয়মিত পড়াশোনা দরকার। প্রশিক্ষণ এবং কর্মশালাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই সুযোগ পেলেই এ ধরনের আয়োজনে যোগ দিতে হবে।

জেলা প্রশাসক সময়োপযোগী একটি উদ্যোগ গ্রহণ করায় ইমজার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এরকম আয়োজনে সহযোগিতায় আশ্বাস দেন।

অনুষ্টানে সভাপতিত্ব করেন, ইমজার সভাপতি আল আজাদ। বক্তব্য রাখেন, কর্মশালা ব্যবস্থাপনা পরিষদের সদস্য আনিস রহমান, এস এ টিভির ব্যুরো প্রধান আব্দুল আলিম শাহ, চ্যানেল টোয়েন্টি ফোরের সিলেট ব্যুরো প্রধান গুলজার আহমদ, দেশ টিভির সিলেটের ক্যামেরা জার্নালিস্ট আশরাফুল কবীর ও প্রশিক্ষক ফজলুল হক। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজু।

দুই দিনব্যাপী এই কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন চ্যানেল নাইনের চীফ ক্যামেরাম্যান হুমায়ুন কবীর, একাত্তর টিভির সিনিয়র ক্যামেরাম্যান মো. শামসুল হুদা এবং বাংলা ভিশনের চীফ ক্যামেরাম্যান ফজলুল হক।

পরে অতিথিবৃন্দ প্রশিক্ষনে অংশগ্রহনকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

এর আগে ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুই দিনব্যাপী মানোন্নয়ন কর্মশালার উদ্বোধন করেন সিলেটের পুলিশ সুপার মনিরুজ্জামান। ইমজার সভাপতি আল আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কর্মশালার পৃষ্ঠপোষক রিফাত এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লা সিদ্দিকী শুভ, অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা ও চ্যানেল নাইনের প্রধান ক্যামেরা জার্নালিস্ট হুমায়ুন কবির।

ইমজার সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজুর পরিচালনায় বক্তব্য রাখেন ইমজার সাবেক সাধারণ সম্পাদক সজল ছত্রী ও বাংলাভিশনের প্রধান ক্যামেরা জার্নালিস্ট ফজলুল হক। স্বাগত বক্তব্য রাখেন, কর্মশালার ব্যবস্থাপনা পরিষদের সমন্বয়ক সময় টিভির সিলেটের স্টাফ ক্যামেরা জার্নালিস্ট দিগেন সিংহ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.