সিলেটটুডে ডেস্ক | ১৭ সেপ্টেম্বর, ২০১৭
বৃটেন থেকে আগত কনজারভেটিভ ফ্রেন্ড্স অব বাংলাদেশের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন সিলেট চেম্বার নেতৃবৃন্দ। রবিবার বিকেলে চেম্বার কনফারেন্স হলে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কনজারভেটিভ ফ্রেন্ড্স অব বাংলাদেশের প্রেসিডেন্ট ও বৃটিশ এমপি অ্যানে মেইন বলেন, প্রবাসী বাংলাদেশীগণ বৃটেনের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। শুধু ব্যবসা-বাণিজ্য নয় বৃটেনের রাজনীতিতেও বাংলাদেশীদের ভূমিকা রয়েছে।
তিনি বাংলাদেশকে অপার সম্ভাবনাময় দেশ হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশের জনশক্তি ও বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে এদেশকে শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত করা সম্ভব।
তিনি আরো বলেন, বৃটিশ সরকার বাংলাদেশের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে আন্তরিকভাবে সহযোগিতা করে যাচ্ছে। তিনি কনজারভেটিভ ফ্রেন্ড্স অব বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম সভায় তুলে ধরেন। এছাড়াও তিনি নির্যাতিত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ায় ও তাদের সহযোগিতা করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, সিলেটের একটি বিশাল জনগোষ্ঠী বৃটেন সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন। প্রবাসী অধ্যূষিত অঞ্চল হওয়ায় সিলেটে বিদেশী বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য বৃটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আগামী ২১-২৭ অক্টোবর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন ২০১৭ আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বাংলাদেশের শিক্ষা ও সামাজিক উন্নয়ন খাতে সহযোগিতার জন্য কনজারভেটিভ ফ্রেন্ড্স অব বাংলাদেশের প্রতিনিধিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কনজারভেটিভ ফ্রেন্ড্স অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও বৃটিশ এমপি মিঃ পল স্কালি, মিঃ উইল কুইন্স এমপি, সিএফওবি’র ভাইস প্রেসিডেন্ট এনামুল হক চৌধুরী, মেছবাহ উদ্দিন, প্রতিনিধিদলের সদস্য পারভিন হাসান, সৈয়দ শাহিন হোসেন, আনজেনারা হক, আব্দুল কাদির, সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, স্কলার্সহোমের হেড অব একাডেমিক কাউন্সিল ড. কবির এইচ চৌধুরী, প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জুবায়ের সিদ্দিকী, আল-হারামাইন হসপিটালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এ টি এম ইব্রাহিম, সিলেট চেম্বারের পরিচালক মোঃ হিজকিল গুলজার, নুরুল ইসলাম, মুশফিক জায়গীরদার, আমিরুজ্জামান চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, ফালাহ্ উদ্দিন আলী আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট চেম্বারের সদস্য মাহবুবুল হক চৌধুরী, জুবের আহমেদ, মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।