নিজস্ব প্রতিবেদক | ২১ সেপ্টেম্বর, ২০১৭
মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন ও হত্যার প্রতিবাদে সিলেট থেকে টেকনাফ অভিমুখে রোডমার্চ পুলিশি বাধার মুখে পড়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টায় পুলিশি বাধার মুখে পণ্ড হওয়া নিয়ে ‘হিউম্যানিটি ফর রোহিঙ্গা’ সংগঠনের ব্যানারে টেকনাফ অভিমুখে রোড মার্চ ঢাকা সিলেট মহাসড়কে বিশ্বনাথের রশিদপুরে পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়।
তবে সংগঠনের ত্রাণের গাড়ি টেকনাফ যাওয়ার অনুমতি দিলেও রোডমার্চের আড়াইশ গাড়ির অনুমতি দেয়নি পুলিশ।
এক পর্যায়ে রোডমার্চের আয়োজকদের পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে সেখান থেকে রোডমার্চ সমাপ্ত ঘোষণা করেন সংগঠনের চেয়ারম্যান মওলানা শাহীনুর পাশা।
এর আগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর প্রবেশদ্বার হুমায়ূন রশিদ চত্বর থেকে রোড মার্চের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার কথা থাকলেও দুপুর সাড়ে ১২টায় যাত্রা করে গাড়ি বহর।
প্রসঙ্গত, রোডমার্চের আহ্বায়ক ও ‘হিউম্যানিটি ফর রোহিঙ্গা বাংলাদেশের চেয়ারম্যান, সাবেক এমপি অ্যাডভোকেট মওলানা শাহীনূর পাশা চৌধুরী আগেরদিন বলেছিলেন, প্রশাসনের উপর মহল থেকে অনুমতি নেয়া হয়েছে। তাই বিক্ষিপ্তভাবে হলেও রোড মার্চ করবেন।
এদিকে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, রোড মার্চ সিলেট-ঢাকা মহাসড়কের বিশ্বনাথ উপজেলার রশিদপুর পর্যন্ত যেতে দেওয়া হবে। সেখানে রোর্ড মার্চ আটকানো হবে।
এজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কেননা রোড মার্চ করার কোন অনুমতি নেই বলে জানান তিনি।
মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন হত্যার প্রতিবাদে বিশ্ব জনমত গড়ে তুলতে ‘হিউমিনিটি ফর রোহিঙ্গা’ সংগঠনের উদ্যোগে খলিফায়ে মাদানি আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ী মোনাজাতের মাধ্যমে রোড মার্চের উদ্বোধন করেন।