মৌলভীবাজার প্রতিনিধি | ২১ সেপ্টেম্বর, ২০১৭
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ২টি সাপ সহ ৭টি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মো. ইসতিয়াক আহমদের মৌলভীবাজার আগমন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে এসব প্রাণী অবমুক্ত করা হয়। এ সময় লাউয়াছড়া বনে বৃক্ষরোপণ করা হয়।
অবমুক্ত করা প্রাণীগুলো হলো দু‘টি চিতা বিড়াল শাবক, একটি মেছোবাঘ, লজ্জাবতী বানর, একটি গুইসাপ, একটি অজগর ও একটি সবুজ বিষাক্ত ভাইবার সাপ। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন বিভিন্ন সময়ে পৃথক স্থান থেকে এদের আহত অবস্থায় উদ্ধার করেছিল।
এ সময়ে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আরএসএম মনিরুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো, বিভাগীয় সহকারী বন কর্মকর্তা তবিবুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হক, শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান শীতেশ রঞ্জন দেব।