Sylhet Today 24 PRINT

‘দেশের অর্থনৈতিক উন্নয়নে ছেলেদের পাশাপাশি মেয়েরাও কাজ করছে’

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২২ সেপ্টেম্বর, ২০১৭

একদিন বাংলাদেশ উন্নত জনপদে পরিণত হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেছেন, ‘দেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়েছে। মানুষের মাথাপিছু আয় এখন ১৬শ’ ডলারের কাছাকাছি। জিডিপি বা মাথাপিছু আয়ে দেশ এগিয়ে যাওয়ার কারণ হলো অর্থনৈতিক উন্নয়নে ছেলেদের পাশাপাশি এখন মেয়েরাও কাজ করছে।’

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সুনামগঞ্জ সরকারি এস সি বালিকা বিদ্যালয়ে বার্ষিক বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘বাংলাদেশ নিয়ে আমি খুবই আশাবাদী। দেশের চার কোটি ছেলেমেয়ে এখন স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। এসব শিক্ষার্থীই আগামীর বাংলাদেশের সম্পদ হবে।’

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও প্রযুক্তি) মোহাম্মদ সফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজ মো. মাশহুদ চৌধুরী। অন্যান্যর মধ্যে আরও বক্তব্য রাখেন- শাবিপ্রবির সহকারী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রবর্তী, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। মেলায় স্কুলের শিক্ষার্থীরা অর্ধ-শতাধিক প্রজেক্ট নিয়ে অংশ গ্রহণ করে। অংশ গ্রহণকারীদের মধ্যে চার বিষয়ে চারজনকে পুরস্কৃত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.