Sylhet Today 24 PRINT

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে জগন্নাথপুরে সমাবেশ

জগন্নাথপুর প্রতিনিধি |  ২২ সেপ্টেম্বর, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুরে মিয়ানমারের বর্বর সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা মুসলিম নারী পুরুষ ও শিশুদের গণহত্যার প্রতিবাদ ও অবিলম্বে গণহত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে শুক্রবার বিকালে জগন্নাথপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে স্থানীয় বাসষ্ট্যান্ডে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর লতিফিয়া সুন্নি সমাজ কল্যাণ যুব সংঘ এর উপদেষ্টা মো. সানোয়ার হাসান সুনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদিরের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন চিলাউড়া মাদরাসার শিক্ষক মাওলানা হোসেন আহমদ, মাওলানা আবু আইয়ুব আনসারী, জগন্নাথপুর মানবাধিকার কমিশন সভাপতি জহিরুল ইসলাম লাল, প্রবীণ মো. আরব আলী, মো. আব্দুল আলিম, মো. আবুল হাসনাত বেলাল, লায়েক আহমদ প্রমুখ।

বক্তারা গণহত্যাকারী মিয়ানমার ও তাদের সমর্থক মানবতার বিরুদ্ধে অবস্থান নেয়া ভারত ও চিন সরকারের ন্যক্কারজনক ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, মিয়ানমারের সামরিক বাহিনী বিগত ২৫ আগস্ট থেকে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা চালিয়ে আসছে তা অবশ্যই বন্ধ করতে হবে। এ ঘৃণ্য কাজের বিরুদ্ধে বিশ্বের বিবেকবান মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। মিয়ানমার সরকারকে অবশ্যই সেদেশের নাগরিক রোহিঙ্গা মুসলমানদের তাদের মাতৃভূমিতে ফিরিয়ে নিয়ে ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে এবং তাদের জান মাল ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. আব্দুল আলিম। জগন্নাথপুর লতিফিয়া সুন্নি সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.