জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ | ২২ সেপ্টেম্বর, ২০১৭
সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে আর মাত্র তিনদিন বাকী। আগামী ২৫ সেপ্টেম্বর মহা পঞ্চমীর মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজা শুরু হলেও মূল পর্ব শুরু হবে ২৬ সেপ্টেম্বর বেল ষষ্ঠী তথা বোধনের মধ্য দিয়ে। ৫ দিন ব্যাপী এ উৎসব বিজয়া দশমীতে দেবীদুর্গা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।
দুর্গাপূজাকে কেন্দ্র করে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবছর দেবী দুর্গার আগমন ঘটবে নৌকায় চড়ে আর গমন করবেন ঘোটকে।
এদিকে পূজার উৎসবকে ঘিরে উপজেলার প্রতিটি মন্দিরে চলছে দৃষ্টি নন্দন সাজসজ্জার কাজ। চলছে মণ্ডপে মণ্ডপে মৃৎশিল্পীদের কাজের ধুম। ইতিমধ্যে মাটির কাজ শেষ করে চলছে রং-তুলির শেষ আঁচড়। কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দুর্গতিনাশিনী দেবী দুর্গা এবং তার সঙ্গী লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অনিষ্টকারী অসুরসহ বিভিন্ন দেবদেবীর মূর্তি।
এবার উপজেলায় ৬৩ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ব্যক্তিগত হচ্ছে ৮ টি। ঝুঁকিপূর্ণ ৪ টি নির্বাচন করা হয়েছে। এগুলো হচ্ছে ঢাকাদক্ষিণ মহাপ্রভুর বাড়ি, কানিশাইল শিববাড়ী,কান্দিগাও কালাচাঁদ সেবক সংঘ,ছিটা ফুলবাড়ি সনাতন সেবক সংঘ।
এ দিকে পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে উৎসবের আমেজ। মা দুর্গাকে বরণ করে নিতে নতুন জামা কাপড় কেনাও চলছে হরদম। ঘরে ঘরে চলছে পিঠা, পায়েস, খই, মোয়া, মুড়ি, নাড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গৃহিণীরা। অনেকে আবার অতিথি আপ্যায়নে ঘরে ঘরে চলছে সাজসজ্জা আর পরিপাটির কাজ।
এব্যাপারে পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক লিফটন রঞ্জন তালুকদার সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্গাপূজাকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবী বাহিনী নিয়োজিত থাকবে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্গাপূজার উৎসব পালনে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা বলয় নিশ্চিত করা হবে। কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপে মণ্ডপে পুলিশের বাড়তি নিরাপত্তা বাহিনী কাজ করবে। যাতে কোনও দুষ্কৃতিকারী অঘটন ঘটাতে না পারে সেজন্য সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।