মৌলভীবাজার প্রতিনিধি | ২৩ সেপ্টেম্বর, ২০১৭
সন্ত্রাসী হামলায় মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক স্বাগত কিশোর দাস চৌধুরীসহ তার পরিবারের ৪ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার রাত ৮টার দিকে মৌলভীবাজার শহরের কাশিনাথ সড়কের বাসার ভেতর ঢুকে ১৫/২০জন সন্ত্রাসী কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী ও তার পরিবারের উপর এলোপাথাড়ি হামলা চালায়।
এসময় স্বাগত দাস অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেলে তাকে মৃত ভেবে সন্ত্রাসীরা পালিয়ে যায় ও বাসার আসবাবপত্র ভাংচুর করে। সন্ত্রাসীদের হামলায় আহত হন স্বাগত দাসের স্ত্রী জোনাকি দাস চৌধুরী, তার ছোট ভাইয়ের স্ত্রী তন্বী দাস চৌধুরী, চাচাত ভাই বাঁধন দাস চৌধুরী, চাচী রুমি দাস চৌধুরী। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার পর আহতদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে স্বাগত কিশোর দাস আহত অন্য ৪জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে স্বাগত কিশোরের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
মৌলভীবাজার মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সোহেল আহম্মেদ হামলার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।