Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

চুনারুঘাট প্রতিনিধি |  ২৩ সেপ্টেম্বর, ২০১৭

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পিকআপ ভ্যান ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা মাহতাব উদ্দিন (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) ভোরের দিকে উপজেলার চাঁনপুর চা বাগানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপ ভ্যান ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা মাহতাব উদ্দিন কে গ্রেপ্তার করা হয়।

চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম.আজমিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতা মাহতাব উদ্দিন সিলেট জেলার জকিগঞ্জ থানার শাহজালালপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। মাদক বিক্রেতা মাহতাব উদ্দিন অনেক দিন যাবত মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ার কাশেম আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। আমরা চাঁনপুর চা বাগানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাই। এ সময় একটি  পিকআপ ভ্যান যার নং(ঢাকা মেট্রো ব ১৮-১৭৯০) ভর্তি ৯৯২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা মাহতাব উদ্দিন কে আমরা হাতেনাতে গ্রেপ্তার করি।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহতাব উদ্দিন মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করেছেন এবং মাহতাব উদ্দিনের সহযোগিদের নাম প্রকাশ করেছেন। মাহতাব উদ্দিনের সহযোগিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক বিক্রেতা মাহতাব উদ্দিনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.