Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে কৃষক হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

চুনারুঘাট প্রতিনিধি |  ২৭ সেপ্টেম্বর, ২০১৭

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কৃষক ফুল মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভিন এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, চুনারুঘাট উপজেলার শিরিকান্দি গ্রামের আব্দুল ওয়াহাবের পুত্র আরজু মিয়া (৪০), তৈয়ব আলী (৩৫), রফিকুল ইসলাম (৩৭) ও তৈয়ব আলীর পুত্র সফর উদ্দিন (২২)।

রায় ঘোষণার পর আদালতে অতিরিক্ত পিপি আব্দুল আহাদ ফারুক জানান, কৃষক ফুল মিয়া হত্যাকান্ডের রায়ে তিনিসহ মামলার বাদী সন্তুষ্ট।

তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামির স্বজনরা জানান। নির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ না থাকার পরও এ রায় ঘোষণা করা হয়েছে। উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান তারা।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৫ অক্টোবর একটি তুচ্ছ বিষয়ের জের ধরে চুনারুঘাট উপজেলার শিরিকান্দি গ্রামের আব্দুস সাত্তারের পুত্র কৃষক ফুল মিয়াকে পার্শ্ববর্তী বাড়ির আব্দুল ওয়াহাবের পুত্র আরজু মিয়া ও তৈয়ব আলীসহ কয়েকজন তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়।

পরে সেখানে তারা ফুল মিয়ার মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে ফুল মিয়াকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর আসামিরা নিহত ফুল মিয়ার লাশ বাড়ির পাশে একটি ক্ষেতে ফেলে রাখে। পরে এ ঘটনায় নিহত কৃষক ফুল মিয়ার বড় ভাই আব্দুল মন্নান বাদী হয়ে চুনারুঘাট থানায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.