সিলেটটুডে ডেস্ক | ২৮ সেপ্টেম্বর, ২০১৭
ছাতকের পালপুরে বসতবাড়ীতে সন্ত্রাসী হামলার পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এসে অস্ত্র নিয়ে ভয়ভীতি ও অপহরণ চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় ১১ আসামীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আসামীরা হচ্ছেন, পালপুর গ্রামের আকিক মোল্লা, সিএনজি ফখর, বাটু জুয়েল, মজলু মিয়া, মছলু মিয়া, আবুল হোসেন, আজিদ, জালু মিয়া, শিবলু মিয়া, কামাল ও সাজর। কোতোয়ালী থানার দায়ের করা ওই মামলায় (সিআর ২২/১৭) তারা এর আগে উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন। বুধবার আদালতে আত্মসর্পন করে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করেন।
গত বছরের ২৬ ডিসেম্বর পালপুর গ্রামের নুর মিয়ার বাড়িতে হামলা করে আসামীরা। আহতদের ওইদিন ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে অবস্থান নিয়ে আসামীরা চিকিৎসাধীন আহতদের ভয়ভীতি ও অপহরণের চেষ্টা করে। এ ঘটনায় পালপুরের হোসেন আহমদ বাদি হয়ে সিলেট চীফ মেট্রোপলিটন আদালতে মামলা করেন। কোতোয়ালী থানার মামলা নং ২২/১৭। ধারা ৫১১/৩৪। আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় ওই মামলা ছাড়াও ছাতক থানায় সরকারি গাছ চুরিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এরমধ্যে রয়েছে জিআর ৩৫৫/১৬, জিআর ১৬৩/১৭, জিআর ৩১১/১৬, জিআর ৩০৯/১৬।
বাদির পক্ষে মামলাটি পরিচালনা করছেন, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমদ, বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট একেএম শমিউল আলম, অ্যাডভোকেট সারোয়ার আহমদ চৌধুরী, অ্যাডভোকেট দিলোয়ার হোসেন দিলু, অ্যাডভোকেট আব্দুল কুদ্দুছ, অ্যাডভোকেট ফয়জুর রহমান প্রমুখ।