Sylhet Today 24 PRINT

বড়লেখায় মোবাইল তুলতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

বড়লেখা প্রতিনিধি |  ২৯ সেপ্টেম্বর, ২০১৭

 

মৌলভীবাজারের বড়লেখায় মোবাইল ফোন উদ্ধার করতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির কাশেমনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় দমকল বাহিনী দীর্ঘ চেষ্টা চালিয়ে নিহত দুই ভাই নাবিল আহমদ (২১) ও বাদল মিয়ার (১৬) লাশ উদ্ধার করেছে। তারা ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

এদিকে, ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদ ও থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ২টায় বাচ্চু মিয়ার ছেলে অটো-রিকশাচালক আকিব উদ্দিনের (২০) একটি মোবাইল ফোন বাড়ির সেপটিক ট্যাংকে পড়ে যায়। ছোট ভাই বাদল মিয়া সেটি খুঁজতে গিয়ে অসাবধানতাবশত সেপটিক ট্যাংকে পড়ে যান। তাকে বাঁচাতে গিয়ে বড়ভাই নাবিল আহমদও পড়ে যায়।

পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা চেষ্টা চালিয়ে তাদেরকে উদ্ধারে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। স্টেশন অফিসার মো. মুনিম সারোয়ার দমকল বাহিনী নিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৪টায় সেপটিক ট্যাংক থেকে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করেন।

বড়লেখা থানার ওসি (তদন্ত) দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। নিহতের পরিবার ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করেছেন। অনুমতি পাওয়া গেলে ময়না তদন্ত ছাড়াই নিহতদের লাশ তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.