Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক |  ৩০ সেপ্টেম্বর, ২০১৭

সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এতে আরো অন্তত ৫ জন আহত হয়েছেন। শুক্রবার  রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার আলী (২৭), সে সিলেট সদর উপজেলার পিরেরবাজারের ময়নুদ্দিনের ছেলে। তিনি পেশায় হিউম্যান হলার চালক। আহতরা হচ্ছেন- একই উপজেলার আসামপাড়া গ্রামের তমিজ উদ্দিনের স্ত্রী রোকিয়া বেগম (৪৫), তাদের কাজের মেয়ে মারুফা বেগম (১৪), একই এলাকার মুকিত আলীর ছেলে তারেক আহমদ (১৮), আজিজুর রহমানের ছেলে তারেক আহমদ বিলাশ (১৭), জাফলং ছৈলাখেল গ্রামের যুগির সূত্র ধরের ছেলে সুনিল সূত্র ধর (২৩)।

স্থানীয়রা জানান, সিলেট থেকে জাফলংগামী মাইক্রোবাস (সিলেট-জ-১১-০৪৫৩) ঘটনাস্থলে আসামাত্র বিপরীতগামী হিউম্যান হলারের (সিলেট-মেট্রো-ছ-১১-০০৩৬) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে হিউম্যান হলারের চালক নিহত হন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. ময়নুল জাকির দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.