Sylhet Today 24 PRINT

নগরীতে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ২ শীর্ষ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক |  ০২ অক্টোবর, ২০১৭

নগরীর রিকবীবাজারে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ২জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

রোববার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে রিকাবী বাজারস্থ পুলিশ লাইন্স সরকারী হাই স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান।

আটককৃতরা হলেন, মো. হোসেন (৪০) তিনি জেলার সদর থানার অনন্তপুর গ্রামের মো. ছোরাব আলির ছেলে ও মো. সরোয়ার আহম্মদ খান (৩৭) তিনি একই জেলার গোলাপগঞ্জ থানার পশ্চিমভাগ গ্রামের বাসিন্দা।

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) -৯ এর একটি আভিযানিক দল রিকাবীবাকার এলাকায় অভিযান চালিয়ে ২৩ গ্রাম হেরোইন ও ৩০১৮ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি গাড়ীসহ দুইজনকে আটক করে।

মো. মনিরুজ্জামান আরো জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবত এ মাদক ব্যবসা করে আসছিল। তারা আরো স্বীকার করে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ক্রয় করে সিলেট জেলা ও তার আশপাশের এলাকায় মাদক সেবীদেরকে অর্থের বিনিময়ে পৌঁছে দেয়াই তাদের কাজ। এছাড়াও তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গাড়িসহ গ্রেফতারকৃত আসামীদেরকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.