বড়লেখা প্রতিনিধি | ০২ অক্টোবর, ২০১৭
মৌলভীবাজারের বড়লেখায় ব্লাড ডোনেট ক্লাবের ৩য় প্রতিষ্ঠাবাষির্কী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (০২ অক্টোবর) দুপুরে গুণীজন সম্মাননা ও রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ বলেন, ‘রক্ত দিয়ে যারা মানুষের জীবন বাঁচায় তারা কোন ধরনের অনৈতিক কাজে লিপ্ত হতে পারে না। সমাজের অকল্যাণকর কাজে তারা প্রতিবাদী হয়ে উঠে। তাদের মনের ভিতর মানবিকতার গুণাবলী তৈরী হয়। ফলে তারা মানুষের জীবন বাঁচানোর জন্য আরো তৎপর হয়ে উঠে। দেশের যুব সমাজের অনেকেই যখন মাদকাসক্ত হয়ে সমাজে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, সেখানে বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবে যুব সমাজের সম্পৃক্তা সত্যিই প্রশসংসনীয়।’
ক্লাবের উপদেষ্টা প্যানেল মেয়র তাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জনি ও সহ-সাধারণ সম্পাদক মিছবা উদ্দিনের যৌথ সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আহম্মদ হোসেন, বড়লেখা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্ত্তী, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, ক্লাবের উপদেষ্টা শিক্ষক নাজিম উদ্দিন, প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. রুহুল আমিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন-পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান শ্রীকান্ত দাস, হুইপের হুইপের সহকারি একান্ত সচিব কবিরুজ্জামান চৌধুরী, ক্লাবের উপদেষ্টা ব্যবসায়ী আব্দুর রহিম চুন্নু, সাংবাদিক লিটন শরীফ, জুড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস প্রমুখ।
পরে সংগঠনের পক্ষ থেকে ক্যাম্পেইনের মাধ্যমে অর্জিত পঁচিশ হাজার টাকার একটি চেক প্রধান অতিথি হুইপ মো. শাহাব উদ্দিন এমপি একজন টিউমার রোগীর হাতে তুলে দেন। গুণীজনসহ ক্লাবের সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দরা।
এছাড়া দেশে বিভিন্ন স্থান থেকে আগত ব্লাড ডোনেট ক্লাবের নেতৃবৃন্দরা, বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবকে ক্রেস্ট প্রদান করে অভিনন্দন জানান।