Sylhet Today 24 PRINT

বড়লেখায় টাকার জন্য শিশুকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১

বড়লেখা প্রতিনিধি |  ০৪ অক্টোবর, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় সামিল উদ্দিন (৭) নামে প্রথম শ্রেণীর এক স্কুলছাত্রকে কুপিয়ে মাছুম আহমদ ও বিলাল নামে দুই দুর্বৃত্ত ৫০০ টাকা ছিনিয়ে নিয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিলালকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার ঘোলসা গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে।

বুধবার পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করেছে। গুরুতর আহত সামিলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

থানা পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ঘোলসা গ্রামের আরজান আলীর ছেলে স্থানীয় প্রাইমারী স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র সামিল উদ্দিন। প্রতিবেশী হাজেরা বেগম মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোনে ফ্লেক্সিলোডের জন্য সামিলকে ৫০০ টাকা দিয়ে পার্শ্ববর্তী দোকানে পাঠান। দোকানে পৌঁছার আগেই গ্রামের তপুর আহমদের ছেলে মাসুম (২০) ও মৃত আব্দুন নুরের ছেলে বিলাল (২২) ধারালো ব্লেড ও ছুরি দিয়ে শিশু সামিলকে কুপিয়ে আহত করে ৫০০ টাকা ছিনিয়ে নেয়।

খবর পেয়ে থানার এসআই জাহাঙ্গির আলম অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িতদের মধ্যে বিলালকে গ্রেপ্তার করেন। পরে বুধবার বিলালকে আদালতে পাঠানো হয়। আদালতে আসামি পক্ষে জামিন আবেদন করলে আদালত আসামির জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। গুরুতর আহত অবস্থায় সামিলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান জানান, এ ঘটনায় আহত শিশুর মামা জয়নাল উদ্দিন থানায় মামলা করেছেন। এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.