Sylhet Today 24 PRINT

বড়লেখায় নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

বড়লেখা প্রতিনিধি |  ০৬ অক্টোবর, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় নিখোঁজ হওয়ার আনুমানিক ১৩ ঘন্টা পর সাব্বির হোসেন (১৪) নামের এক কিশোরের লাশ গত মঙ্গলবার রাতে উদ্ধার করেছেন স্থানীয় লোকজন।

সে উপজেলার সীমান্তবর্তী বোবারতল ইসলামনগর গ্রামের তোতা মিয়ার ছেলে। খবর পেয়ে পুলিশ বুধবার (০৪ অক্টোবর) বিকেলে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাব্বির হোসেন মঙ্গলবার সকাল ১১টার দিকে বাড়ির পাশের একটি পাহাড়ি ছড়ায় বড়শি দিয়ে মাছ ধরতে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। পরিবারের লোকজন আশাপাশে খোঁজ করে আর ছেলের সন্ধান পাননি। পরে রাত আনুমানিক ১টার দিকে ছড়ায় লাশ ভেসে ওঠে। এ সময় স্থানীয় লোকজন সাব্বিরের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে বুধবার (০৪ অক্টোবর) বিকেলে থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর বৃহস্পতিবার (০৫ অক্টোবর) বলেন, ‘সুরতহাল প্রতিবেদন তৈরির সময় সাব্বিরের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ছড়ায় ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। যথাযথ কর্তৃপক্ষের কাছে পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.