নিজস্ব প্রতিবেদক | ০৭ অক্টোবর, ২০১৭
সিলেটের লালাবাজারে এক সড়ক দুর্ঘটনায় ২ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শনিবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজারে যাত্রীবাহী বাস ও হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে ১ জন আমির আলী লেগুনার চালক বলে পুলিশ জানালেও আরেকজনের পরিচয় তাৎক্ষনিক ভাবে না জানা গেলেও সে লেগুনার যাত্রী ছিলো বলে পুলিশ নিশ্চিত করেছে।
নিহত আমির আলী বিশ্বনাথের আলাপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে যাওয়া লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এর চালক আমির আলী মারা যান। এতে আহত হন লেগুনার বেশ কয়েকজন যাত্রী।
আহতদের উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ১ যাত্রীর মৃত্যু হয়। অন্য যাত্রীদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করেছে।
এদিকে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।