Sylhet Today 24 PRINT

অবশেষে সড়ক প্রশস্ত করতে জায়গা ছাড়লো উইমেন্স হাসপাতাল

সিলেটটুডে ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০১৭

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সিলেট সিটি কর্পোরেশনের রাস্তা প্রশস্তকরণ কাজ নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উইমেন্স মেডিকেল কলেজের সভাকক্ষে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় কর্তৃপক্ষ সড়ক প্রশস্তকরণ করার জন্য মেয়রকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সিসিক সূত্র জানায়, অর্থমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় গত কয়েকমাস ধরে সিলেট নগরীর নয়াসড়ক থেকে চৌহাট্টা সড়কের প্রশস্ত করার কাজ শুরু হয়। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়ির মালিক সড়কের জন্য ৬ ফুট জমি ছাড়ার জন্য রাজি হন। সকলের সঙ্গে আলোচনার পরপরই কয়েক মাস আগে শুরু হয় সড়ক প্রশস্তকরণ করার কাজ। ১৭ জুলাই সড়ক প্রশস্ত করা নিয়ে মেয়রের সঙ্গে বিরোধ দেখা দেয় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। পরে এ নিয়ে দু’পক্ষের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। রাতেই দু’পক্ষ বৈঠকে বসেন। সে সময় বিরোধের কিছুটা নিষ্পত্তি হয়। সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ সড়ক প্রশস্ত করার জন্য জমি ছেড়ে দিলে এলাকার লোকজন সাধুবাদ জানান।

কলেজের সভা কক্ষে ঘন্টাখানেক বৈঠকের পর মেয়রকে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মুল ফটকের কাছে যান। তারা সড়ক প্রশস্ত করার জন্য কাজ শুরু করার আহবান জানালে মেয়র হাতুড়ি দিয়ে দেওয়াল ভাঙ্গার কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত লোকজন হাততালি দিয়ে সাধুবাদ জানায়।

এ সময় মেয়র আরিফুল হক বলেন, নগরীর উন্নয়নে যেভাবে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড় দেওয়ার মনোভাব দেখিয়েছে এটি সবার মনে পোষণ করতে হবে। নগরীর উন্নয়নে তিনি সকলের সহযোগিতা চেয়ে বলেন, এভাবে সকলে সহযোগিতা করলে সিলেটের উন্নয়ন কোনভাবেই দমিয়ে রাখা যাবে না। সিলেট হবে একটি আদর্শ নগরী।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বশির আহমদ, ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহ আব্দুল আহাদ, মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. ফজলুর রহমান কায়সার, শিশু বিভাগের বিভাগীয প্রধান প্রফেসর আব্দুল মতিন, কোম্পানির পরিচালক ফখরুল ইসলাম, এমদাদ হোসেন চৌধুরীও আব্দুল বারী, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রাজিক মিয়া, আব্দুল মুহিত জাবেদ, প্রকৌশলী আব্দুল আজিজ, আলী আকবর, ইসমাইল আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.