বিশ্বনাথ প্রতিনিধি | ১০ অক্টোবর, ২০১৭
প্রায় সাড়ে ৫লাখ টাকা ব্যয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রয়াগ মহল গ্রামের ২২টি পরিবারকে নুতন করে বিদ্যুতের আলোয় আলোকিত করা হয়েছে।
সোমবার (০৯ অক্টোবর) রাতে আনুষ্ঠানিকভাবে বিদ্যুতায়নের উদ্বোধন করেন সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় গেলে দেশের সম্পদ লুটপাট করা হয়, এমনকি দেশের টাকা বিদেশে পাঁচার করা হয়। আর আ’লীগ সরকার ক্ষমতায় গেলে দেশের অসহায় মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। বাস্তবায়ন হয় ‘বিদ্যুৎ, ‘কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থাসহ দেশের সকল উন্নয়ন কর্মকান্ডের।
তিনি বলেন, বঙ্গবন্ধু যেমন বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্টা করেছিলেন, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আর সে জন্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপাধি দেওয়া হয়েছে ‘মাদার অব হিউম্যানিটি’। তাই দেশকে এগিয়ে নিতে হলে আ’লীগ সরকারের কোন বিকল্প নেই।
গ্রামের প্রবীণ মুরব্বী আ’লীগ নেতা আফরোজ মিয়ার সভাপতিত্বে ও যুবলীগ নেতা রঞ্জিত দাশ রঞ্জু’র উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি পংকি খান, সাবেক সহ-সভাপতি সমছু মিয়া, সাবেক যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা আ’লীগ নেতা ডা: শাহনুর হোসাইন, লামাকাজি ইউনিয়ন আ’লীগের সভাপতি রইছ আলী, খাজাঞ্চী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম নাজমুল হাসান, রাগীব রাবেয়া কলেজের প্রভাষক আমিনুল ইসলাম, ইউনিয়ন আ’লীগ নেতা তৈমুছ আলী, পীর হাজী ইদ্রিছ আলী, চমক আলী, জেলা ছাত্রলীগ নেতা সোহেল আহমদ মুন্না, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহ মুজিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক দিপু ধর। গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন সাংবাদিক মুহিবুর রহমান খালেদ, লামাকাজি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সমীর দেব ও ছাত্রলীগ নেতা এনামুল হক।