শ্রীমঙ্গল প্রতিনিধি | ১০ অক্টোবর, ২০১৭
সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে থাকা একটি মেছো বাঘ ১ বছর পর আবার বাচ্চা প্রসব করেছে। বাঘিনীর ঘরে নতুন অতিথি দেখতে সেখানে ভীড় জমাচ্ছে উৎসুক জনতা।
মঙ্গলবার (১০ অক্টোবর) একটি বাচ্চার জন্ম দেয় বাঘিনী। বর্তমানে বাঘিনী ও বাচ্চা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের তত্মাবধানে রয়েছে।
মঙ্গলবার সকালে বাঘিনী তার নিজের খাঁচায় বাচ্চার জন্ম দিয়েছে বলে জানান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব।
জানা যায়, প্রায় ৫ বছর আগে শ্রীমঙ্গল মির্জাপুর এলাকায় মানুষের হাতে আটকা পড়ে ৩টি মেছো বাঘের বাচ্চা। সেখান থেকে উদ্বার করে তাদের নিয়ে আসা হয় সেবা ফাউন্ডেশনে। একটি বাচ্চা সাথে সাথে মারা যায়। বাকি দুটি বাচ্চাকে ফিডার দিয়ে দুই খাইয়ে বড় করা হয়। বাচ্চা দুটি সব সময় তাদের বাসায় উন্মুক্ত বিচরণ করতো।
সেখানে একবছর আগে বাঘিনী দুটি বাচ্চা দেয়। এক বছর পর মঙ্গলবার সকালে আবারও একটি বাচ্চার জন্ম দেয়। ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান বাচ্চা ও বাঘিনী উভয়ই ভালো আছে।