মৌলভীবাজার প্রতিনিধি | ১১ অক্টোবর, ২০১৭
জামায়াতে ইসলামির ডাকা বৃহস্পতিবারের হরতালের সমর্থনে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির। এসময় পুলিশ ২ শিবির কর্মীকে আটক করেছে।
বুধবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে তাদের আটক করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাবুল মিয়ার ছেলে মো. তাজুল ইসলাম ও রাজনগর উপজেলার দুরুদ মিয়ার ছেলে আক্কাছ মিয়া।
জানা যায়, জামায়াতে ইসলামির কেন্দ্রীয় ৯ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার দলের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয়া হয়। এ হরতালের সমর্থনে বুধবার শহরে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র শিবির। শহরের পশ্চিমবাজার এলাকা থেকে বের হওয়া মিছিলটি এম সাইফুর রহমান রোডে গিয়ে পুলিশি বাধার মুখে পরে পন্ড হয়। এসময় নাশকতার আশংকায় ২ শিবির কর্মীকে আটক করে পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ আটকের তথ্য নিশ্চিত করে জানান, ছাত্রশিবির মিছিল বের করলে নাশকতার আশংকায় ২ জনকে আটক করা হয়েছে।