Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১১ অক্টোবর, ২০১৭

সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার চৌঘরী গ্রামে এ সংঘর্ষ ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার সদর ইউনিয়নে চৌঘরী গ্রামের দু’শিশুর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে চৌঘরী বাজারে এক পক্ষের রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লায়েছুর রহমান ও অন্য পক্ষের কুটু মিয়া ড্রাইভারের পুত্র হাছান মিয়া (৫৫) এর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাছান মিয়াকে লায়েছুর রহমান ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। তাৎক্ষণিক এই খবর শুনে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এতে এক পক্ষের চৌঘরী গ্রামের মৃত কুটু মিয়া ড্রাইভারের পুত্র হাছান মিয়া (৫৫), মন্নান মিয়া (৪০), আলম মিয়া, তাহেদ আহমদ, মাহবুব আহমদ ও অপর পক্ষের রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লায়েছুর রহমান মাস্টার, হাফিজ জুবের আহমদ, রিফাত আহমদ সহ প্রায় ১০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলার স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে হাছান মিয়া (৫৫) আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে মডেল থানার ওসি (তদন্ত) মীর মোহাম্মদ আবু নাসের ঘটনার সততা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষ এখন শান্ত রয়েছে। এ ঘটনায় কোন মামলা হয়নি বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.