Sylhet Today 24 PRINT

হরতালের প্রভাব নেই নগরীতে

নিজস্ব প্রতিবেদক |  ১২ অক্টোবর, ২০১৭

দলের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে জামায়াতের সারাদেশে ডাকা সকাল সন্ধ্যা হরতালে সিলেট নগরীতে তেমন সাড়া নেই।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল থেকে নগরীতে হরতালের প্রভাব তেমনটা চোখে পড়েনি। অন্যান্য কর্মদিবসের মতো স্বাভাবিকভাবে চলছে যানবাহন। নগরীর বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে ছোট ছোট যানজটও দেখা গেছে। ছেড়ে যাচ্ছে দূরপাল্লার পরিবহনও।

এদিকে জামায়াতের ডাকা হরতালকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন পয়েন্টে সকাল থেকে বাড়তি পুলিশ সদস্য দায়িত্ব পালন করতে দেখা গেছে। তবে কোথাও কোনো মিছিল-সমাবেশের খবর জানা যায়নি।

এদিকে হরতালের সকাল থেকেই মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল অফিস আদালত চলছে তার স্বাভাবিক গতিতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ নিয়মেই বাড়ছে গণপরিবহনের সংখ্যা। ক্রমেই ব্যস্ত হয়ে উঠছে নগরী। কিছু কিছু দোকানপাটও খুলতে শুরু করছে এরই মধ্যে।

প্রসঙ্গত, গোপনে বৈঠক করে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে গত সোমবার রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে মকবুলসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর কদমতলী থানায় গত ৩০ সেপ্টেম্বর দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় আজ তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আদালত দুই মামলায় পাঁচ দিন করে প্রত্যেকের রিমান্ড মঞ্জুর করেছে। এরই প্রতিবাদে আজ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.