Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে গণধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১২ অক্টোবর, ২০১৭

সিলেটের জৈন্তাপুর থেকে গণধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত একজন আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

বুধবার (১১ অক্টোবর) রাত ৮টা ২০ মিনিটের দিকে জেলার জৈন্তাপুরের চিকনাগুল বাজারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব সূত্রে জানা যায়।

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৯ এর সদর কোম্পানি, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন চিকনাগুল বাজারে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন আইনের গণধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত একজন আসামী কালা মিয়া (২৪) গ্রেপ্তার করে।

আটককৃত আসামী জেলার জৈন্তাপুর থানার বাঘেরখাল দলিপাড়া গ্রামের বরকতুল্লাহর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গ্রেপ্তার এড়ানোর কথা স্বীকার করে দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিল বলে জানায়। গ্রেপ্তারকৃত আসামীকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তা মনিরুজ্জামান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.