Sylhet Today 24 PRINT

সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১২ অক্টোবর, ২০১৭

সিলেটের গোলাপগঞ্জের চৌঘরিতে সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা ও সদর ইউনিয়নবাসি।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১ টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলে দুপুর ১টা পর্যন্ত।
 
জামাতের ডাকা হরতালে সিলেট-জকিগঞ্জ রোডে কোন প্রভাব না পড়লেও অবরোধের কারণে অচল হয়ে পড়েছে পূর্ব সিলেটের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার মো: শরিফুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার ওসি ওকেএম ফজলুল হক শিবলীসহ জনপ্রতিনিধিরা সকালে অবরোধকারীদের সাথে বৈঠক বসলে এক পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার ও গোলাপগঞ্জ মডেল থানার ওসি অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জরুরী পদক্ষেপ নেয়ার ব্যাপারে আশ্বস্ত করলে বেলা ১টার দিকে অবরোধ তুলে নেন অবরোধকারীরা ।



তবে অবরোধকারীদের পক্ষ থেকে বলা হয়, যদি অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হয় তাহলে তারা অবরোধসহ আরো কঠিন কর্মসূচী পালন করবেন।

জানা যায়, বেশ কয়েক মাস ধরে উপজেলার বাঘা ইউনিয়ন, গোলাপগঞ্জ পৌরসভা ও গোলাপগঞ্জ সদর ইউনিয়নের মধ্যভাগ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদী থেকে বেপোরোয়াভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। পেশী শক্তির জোরে সুবিধাভোগীরা প্রতিদিন প্রায় ৮টি ড্রেজার দিয়ে কয়েক লক্ষ ঘনফুট বালু তুলে নিয়ে যাচ্ছে কোনরকম সরকারী অনুমোদন ছাড়াই।

যার ফলে হুমকির মুখে পড়েছে নদী তীরবর্তী বাসিন্দাদের ভিটে বাড়ী, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও ধর্মীয় প্রতিষ্ঠান। এই অবৈধ বালু উত্তোলন বন্ধে গত ৩০ সেপ্টেম্বর শনিবার রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের হল রুমে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সেই সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে অবিলম্বে অবৈধভাবে এসব বালু উত্তোলন বন্ধ না হলে সর্বস্তরের জনতাকে নিয়ে সিলেট-জকিগঞ্জ, সিলেট-বিয়ানীবাজার সড়ক অবরোধ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.