জগন্নাথপুর প্রতিনিধি | ১৫ অক্টোবর, ২০১৭
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের গড়গড়ি গ্রামের জহির আলীর পুত্র লিপসন মিয়া কর্তৃক ৮ম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ঐ স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত বুধবার ধর্ষিতার পিতা বাদি হয়ে গড়গড়ি গ্রামের জহির আলীর পুত্র ধর্ষক লিপসন মিয়া (১৮) সহ ৪ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এস আই কবির উদ্দিন জানান, তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ধর্ষিতার বাবা লিখিত অভিযোগে উল্লেখ করেন ধর্ষক বখাটে যুবক লিপসন ও তার সহযোগি আলকাছ আলী, গয়াস উদ্দিন ও রিপন মিয়ার সহযোগিতায় স্কুলে যাওয়ার পথে গত মাসের ১৪ সেপ্টেম্বর অপহরণ করে নিয়ে যায়। চলতি মাসের ১০ অক্টোবর সিলেট সদর উপজেলার কান্দিগাঁও এলাকায় ধর্ষক লিপসনসহ ঐ স্কুল ছাত্রীকে আটক করতে সক্ষম হলেও লিপসন পালিয়ে যায়। পরে এলাকাবাসী ধর্ষিতা ঐ স্কুল ছাত্রীকে এসএমপির জালালাবাদ থানায় হস্তান্তর করেন।
পুলিশ ধর্ষিতা ঐ স্কুল ছাত্রীর জবানবন্দি নিয়ে পরিবারের লোকদের খবর দিয়ে থানায় এনে পরিবারের নিকট ঐ ছাত্রীকে তুলে দেয়। ঘটনাটি স্থানীয়ভাবে নিষ্পত্তি করনে বিভিন্ন মহল চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ায় ধর্ষিতার বাবা জগন্নাথপুর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগটি দায়ের করেন।