Sylhet Today 24 PRINT

বড়লেখায় পাঁচ দফা দাবিতে ফারিয়ার মানববন্ধন

বড়লেখা প্রতিনিধি |  ১৫ অক্টোবর, ২০১৭

বেতন বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস মেডিকেল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) এর সদস্যরা মৌলভীবাজারের বড়লেখায় মানববন্ধন করেছেন।

রোববার (১৫ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় পৌর শহরের দক্ষিণবাজার এলাকায় এ মানববন্ধন হয়।

কর্মসূচী চলাকালে দাবির সমর্থনে বক্তব্য দেন ফারিয়ার সভাপতি মোস্তফা মজুমদার, সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল করিম, সিনিয়র সদস্য সুজিত শর্মা, সালাউদ্দিন মাহমুদ, সাবের আহমদ চৌধুরী, উপদেষ্টা আবু বক্কর, জাকারিয়া আহমদ, শুধাংশু রায়, নজরুল ইসলাম, ভুপেন্দ্র সরকার, বুলবুল আহমদ, কবির আহমদ, রাসেল আহমদ, মহসীন, ফরহাদ আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, তাঁদের কোনো সাপ্তাহিক ছুটি নেই। নেই চাকরির নিশ্চয়তা। বর্তমানে দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে তাতে পরিবার-পরিজন নিয়ে জীবন চালানো দুরূহ হয়ে পড়েছে।

বেতন বৃদ্ধি ছাড়া তাঁদের অন্য দাবিগুলো হচ্ছে, বাজার বিবেচনা করে টিএ/ডিএ দেওয়া, চাকরির নিশ্চয়তা, রিপ্রেজেনটেটিভদের সংগঠনের সরকারি নিবন্ধন ও স্বীকৃতি এবং সাপ্তাহিক ছুটি ও অন্য সব সরকারি ছুটি প্রদান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.