Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে হিন্দু মহাজোট সম্পাদকের বাড়িতে চুরি

ওসমানীনগর প্রতিনিধি |  ১৬ অক্টোবর, ২০১৭

সিলেটের ওসমানীনগরে উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক অঞ্জন দাশের বাড়িতে চুরি সংগঠিত হয়েছে। গত রোববার দিনগত রাতে উপজেলার গোয়ালাবাজার ইউপির তেরহাতী গ্রামের এ চুরির ঘটনাটি ঘটে।

উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক অঞ্জন দাশ জানান, গত রোববার দিনগত গভীর রাতে তার বসত ঘরের পিছনের শয়নকক্ষের ভেন্টিলেটর ভেঙে চোরেরা ঘরের ভেতর প্রবেশ করে। তিনি সহ অন্য দুটি শয়ন কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় চোরেরা সেই সব দরজার বাহির দিকের ছিটকিনি আটকে দেয়। অঞ্জন দাশের ছোট ভাই হোমিও চিকিৎসক অর্জুন দাসের শয়ন কক্ষের দরজা খোলা থাকায় সেই রুমে ঢুকে। ঘরে থাকা তিনটি মোবাইল সেট, ছয় আনা ওজনের কানের দুটি দুল, নগদ আড়াই হাজার টাকা নিয়ে যায়।

"এসময় অর্জুন দাশ জেগে চোর দেখে চিৎকার করলে চোরেরা পালিয়ে যায়।"

খবর পেয়ে সকালে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

উল্লেখ্য, গত এক মাস ধরে ওসমানীনগরে আশংকাজনকভাবে চুরি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ সেপ্টেম্বর দিনগত রাতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল-এর বাসার বেলকনির গ্রিল কেটে সংঘবদ্ধ চোরের দল ১৫ ভরি সোনা, তিনটি ডায়মন্ডের অলংকার, একটি ট্যাব, নগদ টাকা ও ব্রিটেনের পাউন্ড, মূল্যবান জিনিসপত্র সহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় চোরেরা। এ ঘটনার পর আরও একাধিক চুরির ঘটনা ঘটলেও পুলিশ চোর চক্রের সদস্য সহ এখন পর্যন্ত কোনও মালামাল উদ্ধার করতে পারেনি।

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.