Sylhet Today 24 PRINT

ভূটানের রাষ্ট্রদূতের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক |  ১৭ অক্টোবর, ২০১৭

সিলেট সফররত ভূটানের রাষ্ট্রদূত সোনম তবদেন রাবগাইর সাথে মতবিনিময় করেছেন সিলেট চেম্বার অব কমার্স নেতৃবৃন্দ। সোমবার বিকেলে চেম্বার কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে সভায় ভূটানের রাষ্ট্রদূত বলেন, ভূটানের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক দীর্ঘদিনের। তিনি সিলেটের তামাবিল স্থলবন্দরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, এই বন্দর ব্যবহারের মাধ্যমে ভূটানের সাথে সিলেট তথা বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

তিনি দুই দেশের মধ্যে আঞ্চলিক বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে সার্ক ও বিমসটেকের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং দুই দেশের পর্যটন শিল্পের উন্নয়নে যৌথভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।

সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, ভূটানের সাথে বাংলাদেশের চমৎকার বাণিজ্য সম্পর্ক রয়েছে। ভূটান থেকে ফল, নির্মাণ সামগ্রী, মসলা ইত্যাদি আমদানী হয়ে থাকে এবং বাংলাদেশ থেকে ভূটানে তৈরী পোষাক, মেলামাইন সামগ্রী, রাসায়নিক পদার্থ, ঔষুধ ইত্যাদি রপ্তানী হয়ে থাকে। তিনি বলেন, দুই দেশের সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হলে বাংলাদেশের সাথে ভূটানের বাণিজ্য সম্পর্ক অনেক বৃদ্ধি পাবে। পাশাপাশি তিনি দুইটি দেশের মধ্যে পর্যটন শিল্পের বিকাশের প্রচুর সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূটান এম্বেসীর কাউন্সেলর কারমা ওয়াংজম, ফার্স্ট সেক্রেটারী দোমাং, সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, সাবেক সভাপতি ফখর উদ্দিন আলী আহমদ, পরিচালক মুশফিক জায়গীরদার, ফালাহ উদ্দিন আলী আহমদ, সদস্য সালেহীন এফ নাহিয়ান, মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রভাষক মোঃ জিয়াউর রহমান টিটু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.