নিউজ ডেস্ক | ১৭ অক্টোবর, ২০১৭
সিলেট শহরতলী টুকেরবাজার তালুকদারপাড়ায় সন্ত্রাসী হামলা, ভাংচুর লুটপাট ও নারীসহ গুরুতর আহতের ঘটনায় ১২জনকে আসামী করে মামলা হয়েছে।
তালুকদারপাড়ার কয়ছর মিয়া বাদী হয়ে শনিবার (১৪ অক্টোবর) জালালাবাদ থানায় এ মামলা {নং-০৮(১০)১৭}করেন।
এ মামলার আসামীরা হচ্ছে, সিলেটের জালালাবাদ থানার টুকেরবাজার এলাকার তালুকপাড়ার মোস্তফা মিয়া, গোলাম রব্বানী, আজির উদ্দিন, নিনতই মানিক, আব্দুল মতিন, মালেক মিয়া, ছালেক মিয়া, হাবিব মিয়া, শাহ আলম, ছয়ফুল আলম, শফিক মিয়া ও জমিরুন নেছা।
গত ৭ অক্টোবর দিনদুপুরে টুকেরবাজার এলাকাধীন তালুকপাড়ার কয়ছর মিয়ার বাড়িতে হামলার এ ঘটনা ঘটে। হামলায় নারী সহ আহত হন কয়েকজন। গুরুতর আহত অবস্থায় ৪জনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। তারা হচ্ছেন কয়ছর মিয়া, গৌছ উদ্দিন, সুমাইয়া বেগম ও রহমতুন নেছা। চিকিৎসা শেষ কয়ছর মিয়া থানায় গিয়ে মামলা করেন।
এদিকে, এ মামলা দায়েরের পর আসামীরা গ্রেপ্তার এড়িয়ে পরদিনই আসামী আবদুল মতিন একই থানায় সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তুলে বাদী ও তার ভাইসহ ৪ জনের নামে একটি পাল্টা মামলা (নং-৯, তাং-১৫/১০/২০১৭) দায়ের করে।
মামলায় যেসব বক্তব্য উত্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও মানহানিকর বলে অভিযোগ করেন বাদী কয়ছর মিয়া। তার দায়েরকৃত মামলার বিভিন্ন ধারার সাথে তাল মিলিয়ে একটি চক্রের প্ররোচনায় প্রায় সমপর্যায়ের ধারা ব্যবহার করে এ মামলাটি রেকর্ড করানো হয়েছে। বাদী কয়ছর মিয়া এ বিষয়ে পুলিশ কমিশনার ও উপ-পুলিশ-কমিশনার (উত্তর) এর হস্তক্ষেপ কামনা করেন।