Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে কলেজ পড়ুয়া ছাত্রীর দোকান দখলের অভিযোগ

জামালগঞ্জ প্রতিনিধি |  ১৭ অক্টোবর, ২০১৭

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের বাজারে কলেজ পড়ুয়া এক ছাত্রীর ১০ লাখ টাকা মূল্যের একটি দোকান কোঠা অবৈধভাবে দখল করে রেখেছেন ভাড়াটে  শফিকুল ইসলাম বচন।

রোববার (১৫ অক্টোবর) জামালগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কাঠালিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের কন্যা ও সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী তাজিবুন নেছা।

অভিযোগ সূত্রে জানা যায়, জামালগঞ্জ উপজেলার ভীমখালী বাজারে কলেজ ছাত্রী তাজিবুন নেছার বাবা নুরুল ইসলামের একটি পাকা দোকান ঘর রয়েছে। দোকান ঘরটি জামালগঞ্জ উপজেলার কীর্তনপুর গ্রামের আব্দুল আজিজের পুত্র শফিকুল ইসলাম বচনকে চুক্তিনামা মূলে ভাড়া দেয়া হয়। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও দোকান কোঠা ছেড়ে দেয়ার জন্য বলা হলে তিনি টালবাহানা করে সময় ক্ষেপণ করেন।

বিগত তিনমাস ধরে দোকানের ভাড়া দেয়া থেকে বিরত রয়েছে বচন এবং অবৈধভাবে দখলে নেয়ার পাঁয়তারা করেছে। স্থানীয়ভাবে সামাজিক সালিশে বৈঠক হলেও কোন প্রতিকার পান নি ঐ কলেজ ছাত্রী। অন্যদিকে ওই কলেজ ছাত্রীকে নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন বচন।

অভিযুক্ত শফিকুল ইসলাম বচনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মোবাইল ফোনে কথা বলা যাবে না। সরাসরি এসে তদন্ত করেন।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান, যেহেতু চুক্তিনামার মেয়াদ শেষ তাই ভাড়াটিয়াকে দোকান কোঠা ছেড়ে দেয়ার জন্য বলা হয়েছে। যদি দোকান কোঠা ছেড়ে না দেয় তাহলে অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.