Sylhet Today 24 PRINT

বড়লেখায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বড়লেখা প্রতিনিধি  |  ১৮ অক্টোবর, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় শাহিন আহমদ (২৫) নামে ২ সন্তানের এক জনকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় সদর  ইউনিয়নের উত্তর ডিমাই গ্রামের একটি টিলার আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত শাহিন ওই গ্রামের আব্দুর রহিমের ছেলে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে (নম্বর ২০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৬ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে শাহিন ঘর থেকে বের হন। এরপর ঘরে না ফেরায় খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত আনুমানিক পৌনে ১১টার দিকে বাড়ির দক্ষিণ পাশের টিলার আম গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়। রাতেই স্থানীয়ভাবে খবর পেয়ে আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। পরে থানার অপারেশন অফিসার (এসআই) অমিতাভ দাস তালুকদার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর ২ সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) বলেন, ‘শাহিন বেকার ছিলেন। তাঁর শ্বশুড় বাড়ি কুমিল্লায়। সেখানে বেশিরভাগ সময় থাকতেন। ধারণা করা হচ্ছে পারিবারিক অশান্তির কারণে হয়তো আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.