Sylhet Today 24 PRINT

মিয়াদ হত্যা: জড়িত সন্দেহে ছাত্রলীগ কর্মী তোফায়েল ঢাকায় আটক

নিজস্ব প্রতিবেদক |  ১৮ অক্টোবর, ২০১৭

নগরীর টিলাগড়ে প্রতিপক্ষ গ্রুপের কর্মীদের ছুরিকাঘাতে নিহত ওমর আহমদ মিয়াদ (২২) হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে তোফায়েল আহমদ নামে এক যুবককে আটক করেছে শাহপরান থানা পুলিশ

বুধবার (অক্টোবর) আনুমানিক সাড়ে ৫টার দিকে ঢাকার শেরেবাংলা নগর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট থাকে চিকিৎসাধীন অবস্থায় তাকে আটক করে পুলিশ।

আটককৃত তোফায়েল জকিগঞ্জের সেনাপতির চর গ্রামের মুহিবুর রহমানের ছেলে

এ গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘ গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ওমর আলী মিয়াদ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তোফায়েল আহতাবস্থায় পালিয়ে ঢাকায় হৃদরোগ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে শাহপরান থানা পুলিশ।’

তিনি আরো বলেন, গ্রেপ্তার হওয়া তোফায়েল আহমদকে সিলেটে আনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আনুমানিক বিকেল নাগাদ তাকে সিলেট আনা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এদিকে ওমর মিয়াদ হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। অবশ্য ঘটনার পরপরই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা তোফায়েলের ভাই ফখরুল ইসলামকে আটক করা হয়েছে। আটক ফখরুল ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ও সিলেট সিটি করপোরেশনের লাইসেন্স শাখায় চাকরি করেন।

এদিকে মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে ময়না তদন্ত শেষে মিয়াদের মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। সমাবেশ থেকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরীর গ্রেফতার দাবি ও চার দিনের কর্মসূচি ঘোষণা করে তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

জানা গেছে, নিহত মিয়াদ সিলেটের শহরতলীর বালুচর এলাকার আকুল মিয়ার ছেলে। তিনি লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র ছিলেন। অন্যদিকে আটক তোফায়েল একই এলাকার বাসিন্দা।

প্রসঙ্গত, সোমবার বিকেলে সিলেট নগরীর টিলাগড়ে প্রতিপক্ষ গ্রুপের কর্মীদের ছুরিকাঘাতে নিহত হন ওমর আহমদ মিয়াদ (২২) নামের ওই ছাত্রলীগ কর্মী। এতে আহত হয়েছেন আরও দুই কর্মী। মিয়াদ লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র। জগন্নাথপুর উপজেলার বালিশ্রী গ্রামের আকুল মিয়া ও ডালিয়া বেগম দম্পতির দ্বিতীয় সন্তান। মিয়াদসহ আকুল মিয়ার তিন ছেলে ও দুই মেয়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.