নিজস্ব প্রতিবেদক | ১৮ অক্টোবর, ২০১৭
সিলেটের কদমতলী বাস টার্মিনাল এলাকার একটি রেস্টুরেন্ট দখল নিয়ে সংঘর্ষের জেরে বুধবার সকাল ৬টা থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন সিলেট থেকে দেশের বিভিন্ন স্থানে যাতায়াতকারী যাত্রীরা।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ৬টা থেকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট শুরু হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি সেলিম আহমদ ফলিক।
সিলেট থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যাচ্ছে না। চলছে না নগরীর মধ্যে স্বল্পপাল্লার যানবাহনও। তবে বিচ্ছিন্নভাবে কিছু সিএনজি অটোরিকশা ও হালকা যান চলাচল করতে দেখা গেছে।
এ ব্যাপারে মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখনো পর্যন্ত কোথাও কোন পিকেটিংয়ের কোন খবর পাওয়া যায়নি। তিনি আরো বলেন, পরিবহণ শ্রমিক ও মালিক নেতাদের সাথে দ্রুত বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ করে তাদের সাথে বসে এ সমস্যার দ্রুত সমাধান হবে।
দূরপাল্লার বাস চলাচল না করায় প্রভাব পড়েছে ট্রেনের উপর। যাত্রীরা রেলস্টেশনে গিয়ে ভিড় করলেও টিকেট না পেয়ে হতাশ হয়ে ফিরছেন।
এ ব্যাপারে সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার কাজী শহীদুর রহমান জানান, বাস বন্ধ থাকায় যাত্রীরা ট্রেনে যাবার চেষ্টা করছেন। কিন্তু পর্যাপ্ত টিকেট না থাকায় সবাইকে দেয়া সম্ভব হচ্ছে না।
পরিবহন শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক জানান, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার দুপুরে যুবলীগের কিছু কর্মী অতর্কিত পরিবহন শ্রমিকদের ওপর হামলা চালায়। এ হামলার প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ধর্মঘট চলছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচি দেয়ার কথা জানান ফলিক।