Sylhet Today 24 PRINT

ভোগান্তির পর সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক |  ১৮ অক্টোবর, ২০১৭

সিলেটের কদমতলী বাস টার্মিনাল এলাকার একটি রেস্টুরেন্ট দখল নিয়ে সংঘর্ষের জেরে বুধবার সকাল ৬টা থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মহানগর পুলিশের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার সঙ্গে বৈঠক করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক সহ অন্যান্য নেতা কর্মীরা। 

হামলাকারীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে পুলিশ কমিশনারের আশ্বাসের প্রেক্ষিতে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

এরআগে ধর্মঘটের কারণে সকালে আন্তঃজেলা ও সিলেটের আঞ্চলিক সড়কসমূহে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। তাতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

রেস্টুরেন্ট দখল নিয়ে সংঘাতের ঘটনাকে কেন্দ্র করে বুধবার (১৮ অক্টোবর) থেকে সিলেটে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক দেয় সড়ক পরিবহন মালিক শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ওইদিন বিকেলে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক, বিএনপি নেতা ও স্থানীয় কুচাই ইউনিয়নের আবুল কালাম দখলীয় হোটেল তাজমহল দখলকে কেন্দ্র বাস টার্মিনালের বর্তমান ইজারাদার সেলিম আহমদ ফলিক গ্রুপ ও সাবেক ইজারাদার যুবলীগ নেতা মহসীন কামরান গ্রুপে মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

রেস্টুরেন্ট দখল নিতে গেলে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহসীন কামরান পক্ষের নেতাকর্মীদের ওপর হামলা করে শ্রমিকরা। এতে গুরুতর আহত হন ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ও  জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহীন। তিনি এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

অন্যদিকে সেলিম আহমদ ফলিক ও অন্যান্য শ্রমিক নেতা এবং সিলেটের দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম পক্ষের কয়েকজন লোক আহত হন দাবি করে মহসীন কামরান গ্রুপের হামলাকারীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার দাবি করে ধর্মঘটের ডাক দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.